কুকুর ও তার ছায়া: লোভের করুণ পরিণতি
যা আছে তাতে সন্তুষ্ট না থেকে অতিরিক্ত পাওয়ার লোভ করলে, হাতে থাকা সম্পদও হারিয়ে যেতে পারে - এই চিরন্তন সত্যের শিক্ষামূলক গল্প।
মানুষের জীবনে লোভ একটি ভয়ংকর দুর্বলতা। অল্প সময়ে বেশি পাওয়ার আকাঙ্ক্ষা অনেক সময় মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তখন সে বাস্তবতা ভুলে মায়া, কল্পনা ও মিথ্যা আশার পেছনে ছুটতে থাকে। ফলস্বরূপ, যা তার কাছে ছিল সেটুকুও হারিয়ে ফেলে।
আজকের এই শিক্ষণীয় গল্প ‘কুকুর ও তার ছায়া’ আমাদের এমনই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। একটি লোভী কুকুর কীভাবে নিজের ভুলের কারণে হাতে থাকা মূল্যবান জিনিস হারিয়েছিল, সেই ঘটনাই এই গল্পে তুলে ধরা হয়েছে। গল্পটি শুধু শিশুদের জন্য নয়, বরং প্রতিটি মানুষের জীবনের জন্য একটি মূল্যবান দিকনির্দেশনা।
কুকুর ও তার ছায়া গল্প
এক কুকুর প্রতিদিন বিভিন্ন জায়গায় থেকে খাবার জোগাড় করে এবং তার বাড়িতে গিয়ে খাবার খায়।
একদিন কুকুরটি এক টুকরো মাংস জোগাড় করল। মাংসটা মুখে নিয়ে সে নদীর ধার দিয়ে বাড়ি ফিরছিল। বাড়ি ফিরতে হলে একটি বাঁশের সাঁকো পার হতে হবে।
নদীর উপর একটা সাঁকো ছিল। কুকুর যখন সাঁকোর উপর দিয়ে যাচ্ছিল, তখন নিচে নদীর পানিতে সে নিজের ছায়া দেখতে পেল এবং কৌতুহলী হয়ে পড়ল।
পানিতে সে দেখল, আরেকটা কুকুরের মুখেও এক টুকরো মাংস। আসলে ওটা ছিল তার নিজেরই ছায়া, কিন্তু লোভী কুকুরটা সেটা বুঝতে পারল না।
কুকুর ভাবল, "বাহ! ওই কুকুরটার মুখেও তো মাংস আছে। ওর মাংসের টুকরোটা মনে হয় আমারটার চেয়েও বড়। ওটা কেড়ে নিলে আমার দুই টুকরো মাংস হবে।"
যেই ভাবা সেই কাজ। ছায়ার কুকুরের মাংস কেড়ে নেওয়ার জন্য সে ঘেউ ঘেউ করে উঠল।
কিন্তু মুখ খুলতেই তার নিজের মুখের মাংসের টুকরোটা টুপ করে নদীর পানিতে পড়ে গেল। স্রোতের টানে মাংস ভেসে গেল।
কুকুর তাকিয়ে দেখল, পানিতেও আর কোনো কুকুর নেই, মাংসও নেই। লোভ করতে গিয়ে নিজের যা ছিল তাও হারাল।
গল্পের শিক্ষা (Moral of the story)
লোভে পাপ, পাপে মৃত্যু। বেশি পেতে গিয়ে লোভ করলে হাতের জিনিসটাও হারিয়ে যায়। যা আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত।
জীবনের প্রতিটি ক্ষেত্রেই ছায়ার মত কিছু স্বপ্ন, কিছু মানুষ, কিছু আবেগ, কিছু অনুভূতি হাতছানি দিয়ে ডাকে।
জীবনের এই মিথ্যা আশ্বাস, আবেগ, অনুভূতি, আর ছায়া থেকে নিজেকে বাঁচিয়ে চলার নামই সফলতা। যদি আপনি এই সকল বিষয়ে নিজেকে জড়িয়ে ফেলেন, তাহলে আপনার কাছে থাকা শিক্ষা, স্বভাব, রিজিক ধ্বংস হয়ে যাবে।
তাই, নিজেকে বুঝুন, নিজেকে শিক্ষিত করুন। গল্পের কুকুর মত ছায়াকে কখনো ঘেউ ঘেউ করা উচিত নয়। যদি কুকুর মত ঘেউ ঘেউ করতে থাকেন, তাহলে গল্পের কুকুরের মতই গোস্ত মুখ থেকে পড়ে যাবে।
আমরা তো কুকুর নই, আমরা মানুষ। তাই, অন্য মানুষের সাথে অতিরিক্ত আলাপ, আলোচনা, কথা বার্তা বলার মাধ্যমে জীবনের গুরুত্বপূর্ণ সময়টাকে ব্যয় করে দেয়। এটা বন্ধ করুন।
আর জীবন থেকে লোভ জিনিস ত্যাগ করুন এবং অল্পতেই সন্তুষ্ট থাকুন। বেশি বেশি শিক্ষা অর্জন করুন। লোভ করতে হবে না।
কুকুর ও তার ছায়া: লোভের করুণ পরিণতি গল্প ছোট প্রশ্ন ও উত্তর
১০টি সাধারণ ও ছোট প্রশ্ন ও উত্তর দেওয়া হলো:
১. প্রশ্ন: কুকুরটি প্রতিদিন কী করত?
উত্তর: বিভিন্ন জায়গা থেকে খাবার জোগাড় করত।
২. প্রশ্ন: একদিন কুকুরটি কী জোগাড় করেছিল?
উত্তর: এক টুকরো মাংস।
৩. প্রশ্ন: কুকুরটি কোথা দিয়ে বাড়ি ফিরছিল?
উত্তর: নদীর ধার দিয়ে।
৪. প্রশ্ন: নদী পার হওয়ার জন্য কী ছিল?
উত্তর: একটি বাঁশের সাঁকো ছিল।
৫. প্রশ্ন: কুকুরটি পানিতে কী দেখতে পেল?
উত্তর: নিজের ছায়া দেখতে পেল।
৬. প্রশ্ন: কুকুরটি ছায়াকে কী মনে করল?
উত্তর: আরেকটি কুকুর মনে করল।
৭. প্রশ্ন: কুকুরটি কেন ঘেউ ঘেউ করেছিল?
উত্তর: অন্য কুকুরের মাংস কেড়ে নিতে চেয়েছিল।
৮. প্রশ্ন: মুখ খুলতেই কী ঘটল?
উত্তর: তার মুখের মাংস পানিতে পড়ে গেল।
৯. প্রশ্ন: মাংসের টুকরোটি কোথায় চলে গেল?
উত্তর: নদীর স্রোতে ভেসে গেল।
১০. প্রশ্ন: গল্পটির মূল শিক্ষা কী?
উত্তর: লোভ করলে নিজের জিনিসও হারাতে হয়।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url