লাল জামা গল্প - ২০২৪ সালের ২১শে জুলাই এর গল্প
২০২৪ সালের শহিদ রতন এর লাল জামা গল্পটি
২০২৪ সালের ২১শে জুলাই ঘটে যাওয়া গণ-অভ্যুত্থান কে কেন্দ্র করে এই গল্পটি লিখা হয়েছে, যেখানে একজন বোন তার ভাই শহিদ রতন এর জামা কে “লাল জামা” হিসেবে অভিহিত করেছে, এই গল্পটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় উপস্থাপন করা হয়েছে।
একই ঘটনা, চরিত্র এবং আবেগকে দুই ভিন্ন ভাষায় তুলে ধরা হয়েছে, যাতে আপনি সহজে গল্পের গভীরতা বুঝতে পারেন এবং একই সঙ্গে অন্যান্য দেশের মানুষ এর কাছেও গল্পটির বার্তা পৌঁছে যায়।
লাল জামা গল্প
যাত্রাবাড়ির ছোট্ট একটা কলোনিতে ওরা থাকে। টুকি, টুকির মা, ভাই ও বাবা। গলির মোড়ে দর্জির দোকানে কাজ করেন বাবা। বাবার সামান্য আয়ে কোনোমতে দিন চলে ওদের।
টুকির ভাই রতন কলেজে পড়ে। চোখভরা স্বপ্ন তার। কয়েক দিন ধরেই টুকি দেখছে ভাইয়া খুব ব্যস্ত। ক্লাস থেকে দেরিতে ফেরে। সেদিন বলল, আমরা আজ রাস্তা বন্ধ করেছি। গাড়ি চলতে দেইনি।' টুকি বলল, 'কেন? রাস্তা বন্ধ করে তোমরা কী করছ?'
'আমরা প্রতিবাদ করছি। আমাদের দেশ, আমাদের সম্পদ। জনগণের সম্পদ রক্ষা করতে হবে।'
কৌতূহলী হয়ে টুকি জিজ্ঞেস করল, 'তোমাদের ভয় করে না?'
দৃঢ়কণ্ঠে ভাইয়া বলল, 'নাহ! কীসের ভয়! আমরা ভাষা-আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ করেছি। আমাদের পূর্বপ্রজন্ম আমাদের শক্তি। আমরাও লড়াই করব।'
টুকি বলল, 'সাবধান।'
জানালার পাশে দাঁড়িয়ে টুকি এসব ভাবছিল। বাইরে কালো ধোঁয়া। গুলির শব্দ। কান বন্ধ হয়ে আসছে ওর। মাকে বলল, 'মা, আমার ভয় করছে।'
মা-ও খুব উদ্বিগ্ন। তিনি বললেন, 'তোর বাবা ফোন করেছিল। দোকানের ঝাঁপ বন্ধ করে কাজ করছে। বাইরে প্রচণ্ড গুলি হচ্ছে।' উৎকণ্ঠিত হয়ে মা বললেন, 'রতনকে নিয়ে আর পারি না। ওকে ফোনে পাচ্ছি না।'
মায়ের মুখে চিন্তার ছাপ। ঢকঢক করে এক গ্লাস পানি খেলেন তিনি।
টুকি বলল, 'বাবাকে এখনই চলে আসতে বলো।'
মা বললেন, 'তোর লাল জামাটার কাজ প্রায় শেষ। নিয়েই চলে আসবেন।'
টুকির মনে শঙ্কা। বাবা ও ভাইয়ের জন্য ওর মনটা কেমন গুমরে উঠল। একটা লাল জামার শখ ওর। বাবা খুব সুন্দর করে নকশা করেছেন। কিন্তু এখন আর জামা চায় না সে। ওর বুক ঢিব ঢিব করছে। মাকে বলল, 'বাবাকে আবার ফোন দাও।' ফোন কানে নিয়ে মা অপেক্ষা করলেন। কাউকেই পেলেন না।
ভয়ংকর শব্দ করে আকাশে চক্কর দিচ্ছে হেলিকপ্টার। পাশের বাসা থেকে রানু চাচির গলা শোনা যাচ্ছে। চিৎকার করে বলছেন, 'ও আল্লাহ, রহম করো। সবাই সাবধান। হেলিকপ্টার থেকে গুলি করছে।' টুকি জানালার পাশ থেকে সরে দাঁড়াল। আকাশ জুড়ে কালো মেঘের মতো ধোঁয়া। ঘরের ভেতর ঢুকে পড়েছে টিয়ারগ্যাসের গন্ধ।
বাইরে প্রচণ্ড শোরগোল। গলির মোড় থেকে সবাই ছুটে পালাচ্ছে। পাশের বস্তিতে আগুন জ্বলছে।
টুকিদের দরজায় শব্দ হলো। মা দরজা খুললেন, পেছনে টুকি। মা চিৎকার করে উঠলেন, 'কী হয়েছে?' ভিড়ের ভেতর থেকে কে যেন বলল, 'গুলি লেগেছে।' টুকি উঁকি দিয়ে দেখল রক্তে ভিজে গেছে রতনের সাদা শার্ট। দেখতে পেল ভাইয়ার নিথর শরীর। ঝাপসা হয়ে এলো টুকির চোখ। টুপটুপ করে ঝরে পড়ছে পানি। বুক ফেটে কান্না এলো ওর।
২০২৪ সালের ২১শে জুলাই। গভীর রাত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেল রতন।
টুকি ভাবল, লাল জামার মতো টুকটুকে হয়ে গেছে ভাইয়ার শার্ট। ও আর কোনোদিন লাল জামা পরবে না।
মূলভাব (লাল জামা)
“লাল জামা” গল্পটি একটি সাধারণ পরিবারের ভেতরে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার নির্মম বাস্তবতাকে তুলে ধরে। এখানে টুকি নামের এক ছোট মেয়ের চোখে আমরা দেখি তার ভাই রতন ও পরিবারের সংগ্রাম, স্বপ্ন এবং শেষ পর্যন্ত এক ভয়াবহ পরিণতি।
গল্পের মূল শিক্ষা হলো, রাজনৈতিক সংঘাত ও সহিংসতা সবচেয়ে বেশি ক্ষতি করে সাধারণ ও নিরীহ মানুষের জীবনে। একদিকে যেমন রতনের মতো তরুণরা ন্যায়ের জন্য আন্দোলনে অংশ নেয়, অন্যদিকে সেই আন্দোলনের ভেতরেই হারিয়ে যায় অনেক স্বপ্ন, অনেক জীবন। টুকির লাল জামার শখ শেষ পর্যন্ত এক বেদনাদায়ক স্মৃতিতে রূপ নেয়, যা প্রতীকীভাবে হারানো জীবনের দুঃখকে প্রকাশ করে।
মূলভাব হিসেবে বলা যায়
ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম গুরুত্বপূর্ণ হলেও সহিংসতা কখনোই মানবজীবনের ক্ষতি পূরণ করতে পারে না।
English Version (The Red Dress)
The Red Dress
They live in a small colony in Jatrabari. Tuki lives there with her mother, father, and brother. Her father works at a tailor shop at the corner of the alley. With his modest income, the family manages to survive.
Tuki’s brother, Ratan, is a college student. He has many dreams in his eyes. For the past few days, Tuki has noticed that her brother has been very busy and comes home late from class. One day he said, “We blocked the road today. We stopped the traffic.”
Tuki asked, “Why did you block the road? What are you doing?”
“We are protesting. This is our country, our resources. We must protect the people’s rights.”
Tuki asked curiously, “Aren’t you afraid?”
In a firm voice, her brother replied, “No, why should we be afraid? Our previous generation fought the Language Movement and the Liberation War. They are our strength. We will also fight.”
Tuki said softly, “Be careful.”
Standing by the window, Tuki kept thinking. Outside, there was black smoke. The sound of gunfire filled the air. She said to her mother, “Mom, I am scared.”
Her mother was also worried. “Your father called. He closed the shop and is working outside. There is heavy firing going on,” she said anxiously. “I can’t reach Ratan either.”
Fear filled the mother’s face.
Tuki said, “Call father again immediately.”
A loud helicopter circled above the sky. Tear gas filled the air. People were running everywhere. Fires broke out in nearby areas.
Suddenly, there was a knock on the door.
Through the crowd, someone said, “He has been shot.”
Tuki saw her brother’s white shirt soaked in blood. His body lay motionless.
It was the night of 21 July 2024. At Dhaka Medical College Hospital, Ratan was declared dead.
Tuki felt as if his shirt had turned as red as the dress she once wished for.
She would never want that red dress again.
আরো গল্প পড়ুন,

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url