টুকটুক ও চিকুর গল্প - একটি মেয়ে এবং বিড়ালের গল্প
অসাধারণ টুকটুক ও চিকুর হৃদয়স্পর্শী গল্প
টুকটুক ও চিকু একটি হৃদয়স্পর্শী শিক্ষামূলক গল্প। গল্পটিতে টুকটুক নামের এক দয়ালু ও সহানুভূতিশীল শিশুর সঙ্গে একটি অসহায় বিড়ালছানা চিকুর বন্ধুত্বের কাহিনি তুলে ধরা হয়েছে। আহত ও অসহায় চিকুকে উদ্ধার করে টুকটুক তার যত্ন নেয় এবং তাকে সুস্থ করে তোলে।
এই গল্পের মাধ্যমে প্রাণীদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা, দায়িত্ববোধ এবং মানবিক আচরণের গুরুত্ব সুন্দরভাবে ফুটে উঠেছে। গল্পটি আমাদের শেখায় যে, মানুষ ও প্রাণীর মধ্যে ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে এবং বিপদে অসহায়ের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়।
টুকটুক ও চিকু
সেদিন টুকটুক স্কুল থেকে বাড়িতে ফিরছিল। মনে তার আনন্দের জোয়ার বইছে। কারণ, আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু। দুই দিন পর মামাতো ভাইবোনেরা আসবে তাদের বাড়িতে। কী যে মজা হবে! খুশিতে ঝলমল করে উঠল টুকটুকের মুখটা।
গুনগুনিয়ে গেয়ে উঠল, 'আজ আমাদের ছুটি ও ভাই,
আজ আমাদের ছুটি।'
বাড়ির কাছাকাছি এসে টুকটুক হঠাৎ মিউ মিউ শব্দ শুনতে পেল। কৌতূহলী চোখে সে এদিক-ওদিক তাকালো। শব্দ শুনে এগিয়ে যেতেই টুকটুক বাগানের কোণে একটা বিড়ালছানা দেখতে পেল। ছানাটি ভয়ে জড়োসড়ো হয়ে কাঁপছে। কাদামাটি মাখা কঙ্কালসার শরীর নিয়ে মিউ মিউ করে ডাকছে। মনে হচ্ছে, তার একটা পা কেটে গেছে। উদ্বিগ্ন দৃষ্টিতে টুকটুক চারদিকে তাকাল। কাউকে দেখতে পেল না।
টুকটুক এবার বিড়ালছানাটির কাছে গিয়ে বলল, 'তুমি একা? ভয় পেয়েছ?' বিড়ালছানাটি মুখ তুলে তাকাল, চোখে যেন পানি। টুকটুকের মন বিড়ালছানার জন্য কেঁদে উঠল। সে ছানাটিকে আলতো করে কোলে তুলে বাড়িতে নিয়ে এলো।
দরজায় পা দিয়েই সে মা মা বলে ডাকতে থাকল। মা বিচলিত হয়ে ঘর থেকে বের হয়ে এলেন। মা দেখলেন, টুকটুক একটি বিড়ালছানা কোলে নিয়ে আঙিনায় দাঁড়িয়ে আছে। আর্তস্বরে বিড়ালটি তখনও কাঁদছে। মাকে দেখে টুকটুক বলল, 'মা, আমি কি বিড়ালছানাটির একটু যত্ন নিতে পারি?' মা একটু চিন্তিত হলেন। তারপর বললেন, 'বিড়ালের যত্ন নেওয়া কিন্তু কঠিন কাজ।'
টুকটুক বলল, 'মা, আমিই সব করব। তুমি শুধু আমাকে একটু সাহায্য করবে। সুস্থ হয়ে উঠলেই ছানাটি আবার হাসবে, দেখো।'
মা হেসে বললেন, 'ঠিক আছে, চেষ্টা করো।’
টুকটুক নরম তোয়ালে দিয়ে বিড়ালছানাটির গা মুছিয়ে দিলো। পায়ের কাটা জায়গাটা পরিস্কার করে ওষুধ লাগিয়ে দিলো। মা একটা ছোট পালে দুধ দিলেন। বিড়ালছানাটি ধীরে ধীরে দুধ খেল। একটু পর ছানাটি টুকটুকের কোলে ঘুমিয়ে পড়ল।
টুকটুক ওর নাম রাখল 'চিকু'।
চিকু দিনে দিনে সুস্থ ও হৃষ্টপুই হয়ে উঠল। ও টুকটুকের পেছন পেছন ঘুরত, রাতে বিছানায় এসে পাশে ঘুমাত। আর সারাদিন চলত তার লাফলাদা। এর মধ্যে এলো টুকটুকের মামাতো ভাইবোন রাজুল ও নীলা। ওরা চড়ুইভাতির আয়োজন করল। ওদের আনন্দ-উচ্ছ্বাসে যোগ দিল চিকু। গ্রীমের ছুটির কয়েকটা দিন চিকুকে নিয়ে বেশ আনন্দেই কাটলো ওদের।
একদিন টুকটুক খেলতে গিয়ে দেখল, কয়েকটা ছেলে রাস্তার একটা বিড়ালছানাকে তাড়া করছে। সে দৌড়ে গিয়ে তাদের থামালো।
টুকটুক বলল, 'ওরা তো ছোট প্রাণী। তোমরা ওকে মারছো কেন?'
একটা ছেলে বলল, 'আমরা তো মজা করছি।'
টুকটুক রাগ করে বলল, 'কেউ তোমাদের এভাবে তাড়া করলে কেমন লাগত?'
ছেলেরা চুপচাপ চলে গেল। টুকটুক বিড়ালছানাটিকে কোলে তুলে মাঠের পাশে নিরাপদ জায়গায় নিয়ে এলো। তখন বিড়ালছানাটি মিউ মিউ করে ডেকে উঠল, যেন বলছে, 'ধন্যবাদ বন্ধু!'
এরপর থেকে টুকটুক আশপাশের অন্য পশুপাখির প্রতিও বেশ যত্নবান হয়ে উঠল। পাখিদের জন্য সে প্রতিদিন জানালার ধারে এক মুঠো ভাত রেখে দেয়। গ্রীমের দাবদাহে বাটি ভরে পানি রেখে দেয়। পাখিরা যেন পানি খেতে পারে।
সহপাঠীদের সঙ্গে নিয়ে টুকটুক 'প্রাণীদের বন্ধু' নামে ছোটখাটো একটা ক্লাবও বানিয়ে ফেলল। এই কাজে শ্রেণিশিক্ষক তাদের সহযোগিতা করলেন।
মা একদিন বললেন, 'তুমি একটা বিড়ালকে ভালোবেসে অনেক কিছু শিখে গেলে!'
টুকটুক হেসে বলল, 'ও তো শুধু একটা প্রাণী নয় মা, আমার বন্ধুও। আর বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোই তো সত্যিকারের ভালোবাসা!’
টুকটুক ও চিকু গল্পের নীতিকথা (Moral of the Story)
গল্পটি থেকে ৮টি নীতিকথা তুলে ধরা হল, যা আপনার জীবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যখন আপনি বাস্তব জীবন অতিবাহিত করবেন।
১. অসহায় প্রাণীদের সাহায্য করা মানবতার একটি গুরুত্বপূর্ণ গুণ।
গল্পে টুকটুক আহত ও অসহায় বিড়ালছানা চিকুকে উদ্ধার করে তার সেবা-যত্ন করেছে। এতে বোঝা যায়, বিপদে থাকা প্রাণীর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।
২. ভালোবাসা ও যত্ন জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
টুকটুকের স্নেহ ও যত্নে অসুস্থ চিকু ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আন্তরিক ভালোবাসা অনেক কষ্ট দূর করতে সাহায্য করে।
৩. প্রাণীদের প্রতি নিষ্ঠুর আচরণ করা উচিত নয়।
টুকটুক অন্য ছেলেদের একটি বিড়ালছানাকে তাড়া করতে দেখে তাদের থামিয়ে দেয়। এটি শেখায় যে, প্রাণীদের কষ্ট দেওয়া কখনোই আনন্দের বিষয় হতে পারে না।
৪. সত্যিকারের বন্ধু বিপদের সময় পাশে থাকে।
টুকটুক শুধু চিকুকে আশ্রয়ই দেয়নি, তার বিপদের সময় তাকে সাহায্যও করেছে। প্রকৃত বন্ধুত্বের পরিচয় পাওয়া যায় দুঃসময়ে।
৫. ছোট একটি ভালো কাজ বড় পরিবর্তনের সূচনা করতে পারে।
একটি বিড়ালছানার যত্ন নেওয়ার মাধ্যমে টুকটুক প্রাণীদের প্রতি আরও দায়িত্বশীল হয়ে ওঠে এবং অন্যদেরও সচেতন করে।
৬. প্রকৃতি ও প্রাণীদের প্রতি দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।
টুকটুক পাখিদের জন্য খাবার ও পানি রেখে তাদের সাহায্য করত। এতে বোঝা যায়, পরিবেশ ও জীবজগতের প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত।
৭. ভালো কাজ অন্যদেরও অনুপ্রাণিত করে।
টুকটুকের উদ্যোগে ‘প্রাণীদের বন্ধু’ নামে একটি ক্লাব গড়ে ওঠে। একজনের ভালো কাজ অনেক মানুষকে একই পথে চলতে উৎসাহিত করতে পারে।
৮. সহানুভূতি ও মমত্ববোধ মানুষকে আরও সুন্দর চরিত্রের অধিকারী করে তোলে।
টুকটুকের আচরণ দেখায় যে, অন্যের কষ্ট অনুভব করতে পারা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া একজন মানুষের মহান গুণ।
টুকটুক ও চিকু গল্পের প্রশ্ন ও উত্তর
গল্পটি থেকে বাছাইকৃত ১২টি প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল:
১. টুকটুক স্কুল থেকে ফেরার পথে কী শুনতে পেল?
উত্তর: টুকটুক স্কুল থেকে ফেরার পথে একটি বিড়ালছানার মিউ মিউ শব্দ শুনতে পেল।
২. টুকটুক কোথায় বিড়ালছানাটিকে দেখতে পেল?
উত্তর: সে বাড়ির বাগানের কোণে বিড়ালছানাটিকে দেখতে পেল।
৩. বিড়ালছানাটির অবস্থা কেমন ছিল?
উত্তর: বিড়ালছানাটি কাদামাটি মাখা, দুর্বল ও আহত ছিল এবং ভয়ে কাঁপছিল।
৪. টুকটুক বিড়ালছানাটির জন্য কী করল?
উত্তর: টুকটুক তাকে কোলে করে বাড়িতে নিয়ে আসে, পরিষ্কার করে, ওষুধ লাগায় এবং খাবারের ব্যবস্থা করে।
৫. টুকটুক বিড়ালছানাটির নাম কী রাখল?
উত্তর: টুকটুক বিড়ালছানাটির নাম রাখল ‘চিকু’।
৬. চিকু সুস্থ হওয়ার পর কী করত?
উত্তর: চিকু টুকটুকের পেছন পেছন ঘুরত, তার পাশে ঘুমাত এবং সারাদিন খেলাধুলা করত।
৭. টুকটুক রাস্তার বিড়ালছানাটিকে কেন উদ্ধার করেছিল?
উত্তর: কয়েকজন ছেলে বিড়ালছানাটিকে তাড়া করছিল, তাই টুকটুক তাকে রক্ষা করেছিল।
৮. টুকটুক প্রাণীদের জন্য কী কী কাজ করত?
উত্তর: সে পাখিদের জন্য খাবার ও পানি রাখত এবং প্রাণীদের যত্ন নিত।
৯. টুকটুক ও তার বন্ধুদের ক্লাবের নাম কী ছিল?
উত্তর: তাদের ক্লাবের নাম ছিল ‘প্রাণীদের বন্ধু’।
১০. টুকটুকের মতে সত্যিকারের ভালোবাসা কী?
উত্তর: টুকটুকের মতে, বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোই সত্যিকারের ভালোবাসা।
১১. টুকটুকের প্রাণীদের প্রতি ভালোবাসা দেখে মা কী বলেছিলেন?
উত্তর: মা বলেছিলেন, “তুমি একটা বিড়ালকে ভালোবেসে অনেক কিছু শিখে গেলে!”
১২. গল্পে চিকু টুকটুককে কী শিক্ষা দিয়েছে?
উত্তর: চিকু টুকটুককে প্রাণীদের প্রতি ভালোবাসা, সহানুভূতি এবং দায়িত্বশীলতার শিক্ষা দিয়েছে।
আরো গল্প পড়ুন,



অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url