রাজা ও তার তিন কন্যা | শিক্ষামূলক গল্প
রাজা ও তাঁর তিন কন্যার গল্প | তিন রাজকন্যার গল্প
অনেক অনেক দিন আগের কথা। এক ছিল রাজা। রাজার ছিল এক রানি। আর ছিল তিন কন্যা - শিমুল, বকুল ও পারুল।
তিন কন্যাকে নিয়ে রাজা-রানির বেশ সুখেই দিন কাটছিল। রাজ্যেও ছিল সুখ আর শান্তি।
রাজা একদিন গল্প করছিলেন। সঙ্গে ছিল রাজার রানি আর তিন কন্যা। রাজা তাঁর কন্যাদের জিজ্ঞেস করলেন এক সহজ প্রশ্ন।
কে তাঁকে কী রকম ভালোবাসে?
বড় কন্যা শিমুল। সে জবাব দিল প্রথমে। বলল, "বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি।” রাজা একটু মুচকি হাসলেন।
মেজো কন্যা বকুল বলল, "বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি।" রাজার মুখে আবার দেখা গেল হাসির রেখা।
ছোট কন্যা পারুল। বলল, "বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি।” সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেলো। রানিও শুনে সুপ্তি অবাক। এ কেমন কথা! রাজা বেশ অস্থির। ডাকলেন উজির, নাজির ও সেনাপতিকে।
হুকুম দিলেন, “ছোট কন্যা পারুলকে বনবাসে দাও। তাকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসো।"
রাজার হুকুম বলে কথা। না মেনে উপায় নেই। পরদিন পারুলকে পাঠানো হলো বনবাসে।
গভীর অরণ্য। জন-প্রাণী নেই। পারুল একা বসে আছে। এমন সময় কয়েকজন পরী এলো। পরীরা বলল, "এই বনে তুমি একা কেন?” পারুল সব ঘটনা খুলে বলল। পারুলের দুঃখের কথা পরীরা বুঝতে পারল। রাজার মেয়ে পারুলের জন্য তারা সুন্দর একটা বাড়ি তৈরি করল। পরীরা নানা ফুলের চারা এনে একটা বাগান বানালো। বনের পশুপাখি এলো রাজার মেয়েকে দেখতে। হরিণ এলো, খরগোশ এলো, ময়ুর এলো।
তারাও রাজার ছোট মেয়ে পারুলের দুঃখ বুঝতে পারল। তারা পারুলের জন্য এনে দিল নানা ফলমূল। পরীরা এনে দিল মজার মজার খাবার।
গভীর অরণ্যে পারুলের দিন কাটতে লাগল একা একা। মনে তার অনেক দুঃখ। মা নেই। বাবা নেই। বোনেরা নেই।
একদিন রাজার খেয়াল হলো শিকারে যাবেন। রাজার খেয়াল মানে সহজ কথা নয়। উজির, নাজির, পাইক, বরকন্দাজ নিয়ে বেরোলেন শিকারে। শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে পৌঁছলেন সেই গভীর অরণ্যে। রাজা তখন খুবই ক্ষুধার্ত।
সবাই দূরে দেখতে পেল একটা সুন্দর কুটির। সেই কুটিরে বাস করে এক সুন্দরী কন্যা। রাজার লোকেরা তাকে বলল, “রাজা খুব ক্ষুধার্ত। তিনি খাওয়ার ইচ্ছা জানিয়েছেন।” পারুল বলল, "আপনারা একটু জিরিয়ে নিন।” সে রান্না করল পোলাও, কোরমা ও মাংস। নানা রকমের তরকারি। কিন্তু কোনো কিছুতে একটুও নুন দিল না।
এত রকমের সাজানো খাবার দেখে রাজা খুব খুশি হলেন। তাঁর জিভে এলো জল। রাজা খেতে বসলেন। খাওয়া শুরু করলেন। এটা নেন ওটা নেন। মুখে দিয়ে ফেলে দেন। সুন্দর রান্না তবে বেজায় বিষাদ। একটুও নুন নেই কোনো খাবারে। রাজা খুব বিরক্ত হলেন। নুন ছাড়া কি কিছু খাওয়া যায়? পারুল ছিল কাছেই। সে এগিয়ে এলো। বলল, “বাবা, আমাকে চিনতে পেরেছেন? আমার নাম পারুল। আপনার ছোট কন্যা। আপনি যাকে বনবাসে পাঠিয়েছিলেন।”
রাজা নিজের ভুল বুঝতে পারলেন। নিজের আদরের মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর নুন দিয়ে রান্না করা হলো সব খাবার। রাজা মজা করে খেলেন।
এবার ফেরার পালা। রাজা তাঁর ছোট কন্যা পারুল আর হাতিয়োড়া নিয়ে রওয়ানা হলেন। পারুল ফিরে আসায় রাজ্যে সবার মুখে হাসি ফুটল। রানি খুশি হলেন। শিমুল, বকুল তাদের বোন পারুলকে ফিরে পেল। রাজ্যে সুখের সীমা রইল না।
রাজা ও তার তিন কন্যা গল্পের সারাংশ
এটি ছিল রাজা ও রাজকন্যার গল্প। এক রাজা, রানি ও তাঁদের তিন কন্যা—শিমুল, বকুল ও পারুল সুখে শান্তিতে বাস করছিল। একদিন রাজা মেয়েদের জিজ্ঞেস করলেন, তারা তাঁকে কতটা ভালোবাসে। শিমুল বলল চিনির মতো, বকুল বলল মিষ্টির মতো, আর ছোট কন্যা পারুল বলল নুনের মতো ভালোবাসি। পারুলের নুনের মত ভালোবাসি কথা শুনে রাজা রাগ করে পারুলকে বনবাসে পাঠিয়ে দেন।
বনবাসে পরীরা ও পশুপাখিরা পারুলকে সাহায্য করে সুন্দরভাবে থাকার ব্যবস্থা করে দেয়। পরে একদিন রাজা শিকারে গিয়ে সেই বনে পৌঁছান। ক্ষুধার্ত রাজাকে পারুল নানা খাবার রান্না করে খাওয়ায়, কিন্তু কোনো খাবারে নুন দেয় না। তখন রাজা বুঝতে পারেন, খাবারের মধ্যে নুনের প্রয়োজনীয়তা কতটুকু।
তিনি নিজের ভুল বুঝে পারুলকে বুকে জড়িয়ে নেন এবং তাকে রাজপ্রাসাদে ফিরিয়ে আনেন। এরপর সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।
নুন রান্নার খাবার কে সুস্বাদু এবং খাবার উপযোগী করে তোলে। তাই, পারুলের ভালোবাসাও ছিল খুব মূল্যবান। যদি ও পারুল বলেছিল নুনের মত ভালোবাসি।
গল্পের মূল শিক্ষা (Moral of the story)
ভালোবাসা সবসময় মিষ্টি কথায় বা বাহ্যিক তুলনায় প্রকাশ পায় না। কখনো কখনো সবচেয়ে সাধারণ জিনিসের মতো (যেমন নুন) এর মত ভালোবাসাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য হতে পারে।
সেটাই এই গল্পের মূল শিক্ষা।
ভালোবাসা শুধু মুখে বললেই হয় না, তার গভীর প্রয়োজনীয়তা, সৌন্দর্যতা, এবং মানানসই কথায় ভালোবাসার আসল প্রকাশ থাকতে হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। রাজা তার মেয়ের কথা ভুল ভাবে বুঝে তাকে শাস্তি দেন, পরে বুঝতে পারেন। রাজা বুঝতে পারেন, সত্যিকারের ভালোবাসা বোঝার জন্য ধৈর্য ও গভীর চিন্তা করা দরকার।
কারণ, কিছু সময়ের ছোট্ট কথা ভালোবাসার গভীর দিক কে তুলে ধরে। যেমন পারুল বলেছিল রাজাকে যে বাবা আমি তোমাকে নুনের মত ভালোবাসি।
বাস্তব জীবনের দিকে একটু দৃষ্টি দিলে দেখা যায়, আসলেই তো নুন বা লবণ ছাড়া কোন কিছু স্বাদ আসা করা যায় না।
রাজা ও তিন কন্যার গল্পে পারুল আসলে বোঝাতে চেয়েছেন যে, রাজা মানে হল তার নুনের মত, যার প্রয়োজনীয়তা সব খানে। রাজ্যের সমস্যা দূর করা, বিপদের সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া, রাজ কার্য সঠিকভাবে সম্পন্ন করা ইত্যাদি।
আসলে, ভালোবাসার প্রকৃত মূল্য বুঝতে হলে বাহ্যিক শব্দ নয়, তার বাস্তব প্রয়োজন ও শব্দের মধ্যে গভীরতা বোঝা জরুরি।
আরো গল্প পড়ুন,




অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url