মোটা বাঘ ও চালাক ছাগল - একটি শিক্ষামূলক গল্প
ছাগলের চালাকির কাছে হার মানল শক্তিশালী বাঘ
এই গল্পটি এক মোটা বাঘ আর এক চালাক ছাগলের কাহিনি, যেখানে শক্তির চেয়ে বুদ্ধি বেশি গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়।
বনের ভেতরে ঘটে যাওয়া একের পর এক ঘটনা শেষে বোঝা যায়। লোভ আর অহংকার শেষ পর্যন্ত পতনের কারণ হতে পারে।
মোটা বাঘ ও চালাক ছাগল এর গল্প
এক বনে ছিল এক বিশাল মোটা বাঘ। এত মোটা যে হাঁটতে গেলে তার পেট মাটিতে লেগে যেত। গাছের আড়াল থেকে উঁকি দিলেও পেটটা ঠিকই দেখা যেত। বনের অন্য সব পশুরা তাকে দেখলেই হাসত আর চেঁচিয়ে বলত, "ওই দেখো, মোটা বাঘ যায়! মোটা বাঘ, মোটা বাঘ!"
বাঘের খুব রাগ হতো। রাগে সে গর্জন করত, চোখ লাল হয়ে যেত। কিন্তু কী করবে? সে তো আসলেই মোটা।
একদিন বাঘ গুটিগুটি পায়ে বনের পথ ধরে হাঁটছিল। হঠাৎ একটা শেয়াল তাকে দেখে চিৎকার করে উঠল, "আরে ভাইসব, দেখো! বাঘটা কত মোটা রে!"
বাঘ গর্জে উঠল, এবং বলল "এই শেয়াল! মোটা মোটা করিস না। আর একবার মোটা বললে তোকে খেয়ে ফেলব।"
শেয়াল ভয় পেয়ে দৌড়ে পালাল। বাঘ আরেকটু এগোতেই একটা গরু বলল, "হায় হায়, বাঘটা কত মোটা রে! মনে হয় দশটা হরিণ খেয়েছে।"
বাঘ এবার আরও রেগে গেল। খপ করে গরুটাকে ধরে বলল, "বলেছি না, মোটা বলবি না! এবার তোকে খাব।" এই বলে টপ করে নেকড়েটাকে গিলে ফেলল।
তারপর রাস্তায় দেখা হলো একটা হরিণের সাথে। হরিণ তাকে দেখেই হাসতে হাসতে বলল, "ও মাগো, বাঘটা কত মোটা রে! চলতেই পারে না।"
বাঘ দাঁত কিড়মিড় করে বলল, "মোটা মোটা করিস না। শেয়াল খেয়েছি, গরু খেয়েছি, এবার তোকেও খাব।" বলে হরিণটাকেও গপ করে ধরে খেয়ে ফেলল।
এভাবে বাঘ হাঁটতে হাঁটতে একটা মোরগকে দেখল। মোরগটি বাক দিয়ে বলল, "আরে বাপরে বাপ, বাঘটা কত মোটা রে! পেট ফেটে যাবে তো।"
বাঘ হুংকার দিয়ে বলল, "মোটা মোটা করিস না। শেয়াল খেয়েছি, গরু খেয়েছি, হরিণ খেয়েছি, এবার তোকেও খাব।" এই বলে মোরগটাকেও খপ করে ধরে গিলে ফেলল। তার পেট আরও ফুলে ঢোল হয়ে গেল।
এরপর বানর গাছের উপর থেকে লাফাতে লাফাতে বলল, "কিরে মোটা বাঘ, তোর পেটটা তো ড্রামের মতো রে!"
বাঘ রাগে কাঁপতে কাঁপতে বলল, "মোটা মোটা করিস না। শেয়াল খেয়েছি, গরু খেয়েছি, হরিণ খেয়েছি, মোরগ খেয়েছি, এবার তোকেও খাব।" বলে বানরটাকেও খেয়ে নিল।
পেটটা এত ভারী হয়ে গেছে যে বাঘ আর নড়তে পারে না। তবুও সে টলতে টলতে সামনে এগোল। তখন একটা ছাগল তাকে দেখে ভ্যাঁ ভ্যাঁ করে হেসে বলল, "ওলে বাবা লে, বাঘ কত মোটা রে! মনে হয় পুরো বনটাই খেয়েছে।"
বাঘ এবার শেষবারের মতো গর্জে উঠল, "মোটা মোটা করিস না। শেয়াল খেয়েছি, গরু খেয়েছি, হরিণ খেয়েছি, মোরগ খেয়েছি, বানর খেয়েছি, এবার তোকে খেতে কতক্ষণ?"
এই বলে বাঘ হাঁ করে ছাগলের দিকে এগোল। কিন্তু ছাগলটা ছিল খুব চালাক। সে কাঁপতে কাঁপতে বলল, "বাঘ মামা, দাঁড়াও! খেয়ো না এখন আমাকে। আমার ছোট ছোট বাচ্চাগুলো ঘরে কাঁদছে। ওদের একটু দুধ খাইয়ে আসি। তারপর তুমি আমাকে খেয়ো। আমি কথা দিচ্ছি, পালাব না।"
বাঘ ভাবল, "ঠিকই তো। খাবার তো আর পালাচ্ছে না।" তাই বলল, "যা, তাড়াতাড়ি আয়।"
ছাগল দৌড়ে গিয়ে পাথরে ঘষে ঘষে তার বড় বড় দুইটা শিং ধারালো করে নিল। তারপর বুক ফুলিয়ে বাঘের সামনে এসে দাঁড়াল। বলল, "নাও বাঘ মামা, এবার আমাকে খাও। আমি রেডি।"
বাঘ যেই না হাঁ করে ছাগলটাকে খেতে গেছে, অমনি ছাগল তার ধারালো শিং দিয়ে বাঘের ফোলা পেটে দিল এক গুঁতো।
ব্যাস! ফটাস করে বাঘের মোটা পেটটা ফেটে গেল। আর ভেতর থেকে একে একে বেরিয়ে এলো শেয়াল, গরু, হরিণ, মোরগ আর বানর। সবাই বেঁচে গেল।
আর মোটা বাঘটা? সে লজ্জায়, ব্যথায় কাঁদতে কাঁদতে বনের গভীরে পালিয়ে গেল। তারপর থেকে আর কাউকে মোটা বললেই খেয়ে ফেলার সাহস করেনি।
গল্পের শিক্ষা (Moral of the Story)
এই গল্পটি আমাদের শেখায় যে শুধু শক্তি বা দেহের ক্ষমতা দিয়ে সব কিছু জয় করা যায় না। অহংকার, রাগ এবং লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। মোটা বাঘের মতো যখন কেউ নিজের শক্তি নিয়ে গর্ব করে অন্যদের ছোট করে দেখে, তখন সে ধীরে ধীরে নিজের পতনের পথ নিজেই তৈরি করে।
অন্যদিকে, চালাক ছাগলের মতো বুদ্ধি, ধৈর্য এবং পরিস্থিতি বোঝার ক্ষমতা থাকলে সবচেয়ে বড় বিপদ থেকেও বাঁচা যায়। বুদ্ধি প্রয়োগ করে শান্তভাবে সিদ্ধান্ত নিলে দুর্বল দেখালেও বড় সমস্যাকে হারানো সম্ভব।
এই গল্প আরও শেখায়—হিংসা বা প্রতিশোধের বদলে বুদ্ধি ব্যবহার করাই আসল জয়, আর সত্যিকারের শক্তি হলো মাথা ঠান্ডা রেখে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া।
আরো গল্প পড়ুন,

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url